প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান।
তিনি বলেন, প্রফেসর ইউনূস স্যারের ক্ষমতা দরকার নেই, কিন্তু বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য তার প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই।
বিবৃতিতে তিনি আরও বলেন, সরকার এবং উপদেষ্টাদের আরও কার্যকর ও দৃশ্যমান হয়ে উঠতে হবে। জনগণের সামনে অগ্রগতি তুলে ধরতে হবে। ফয়েজ আহমদ মনে করেন, জাতীয় ঐক্যের স্বার্থে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপে বসতে হবে।
সামরিক বাহিনী প্রসঙ্গে ফয়েজ বলেন, আজকের সভ্য দুনিয়ায় সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। সেনাপ্রধানের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের বক্তব্য জুরিশডিকশনাল সীমারেখা অতিক্রম করেছে। একইসঙ্গে তিনি সতর্ক করে দেন, সেনাবাহিনীর বিষয়ে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। আস্থার প্রতীক এই সংস্থাকে সম্মান দিতে হবে।
ফয়েজ আহমদ ইনক্লুসিভ পলিটিকসের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়ে বলেন, “আওয়ামী লীগের পুনর্বাসনের নামে কোনো অযাচিত দাবি গ্রহণযোগ্য নয়। সেনাবাহিনী আমাদের গর্ব, এটা কেউ নষ্ট করতে পারবে না।
তিনি জানান, সব প্রস্তুতি সম্পন্ন করে আগামী এপ্রিল-মের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেই আশা করা হচ্ছে। এর আগে সকল প্রয়োজনীয় সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রয়োজনীয়তা উল্লেখ করেন তিনি।
বিবৃতির শেষাংশে ফয়েজ আহমদ বলেন, “আগামী জুলাই-আগস্টে আমরা গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপন করবো। একইসঙ্গে আগস্টের মধ্যেই স্বৈরাচারী খুনি হাসিনার বিচার শুরু হবে বলে আমরা আশাবাদী। ইনশাআল্লাহ, আমরা হারবো না।

