যদি বিদেশি শক্তি কিংবা অভ্যন্তরীণ চাপের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসকে পদত্যাগে বাধ্য করা হয়, তবে দেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে গঠন করবে বিপ্লবী সরকার—এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক মেহরাব সিফাত।
শুক্রবার (২৩ মে) রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজায় এনসিপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা ২০২৪ সালের ছাত্র আন্দোলনের মাধ্যমে ড. ইউনূসের হাতে যে দায়িত্ব তুলে দিয়েছি, সেটি বাস্তবায়ন করা তার নৈতিক দায়।”
মেহরাব সিফাত বলেন, “যদি কোনো বহির্বিশ্বের ষড়যন্ত্র অথবা ঘরোয়া চাপে তাকে সরে যেতে বাধ্য করা হয়, তবে এই জাতির তরুণরা ইতিহাসের নতুন অধ্যায় রচনা করবে। আমরা কেবল প্রতিরোধ করব না—আমরা বিকল্প বিপ্লবী কাঠামো প্রতিষ্ঠা করব।”
তিনি অভিযোগ করেন, বিগত ১৭ বছরে ‘জাহিলি শাসনের’ সময় যে নির্যাতনের শিকার হয়েছিল ছাত্রসমাজ, সেই শহীদ ও আহতদের আত্মত্যাগ বৃথা যাবে না। “তারা ড. ইউনূসের ওপর আস্থা রেখেছে। তিনি যদি একটি নতুন সমাজ ও রাজনৈতিক ব্যবস্থার রূপরেখা উপস্থাপন না করেই পিছু হটেন, তাহলে সেটি হবে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।
ছাত্রদের উদ্দেশে সিফাত বলেন, “ঘরে ফেরার সময় এখনো আসেনি। আমাদের সংগ্রাম চলমান। এবারের আন্দোলন শুধুই ভাঙার নয়, বরং গড়ার। আমাদের এমন একটি কাঠামো দাঁড় করাতে হবে, যা সত্যিকারের জনগণের প্রতিনিধিত্ব করবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে।

