গ্রাহকপ্রতি ১০টির বেশি সিম নয়, সিদ্ধান্ত বিটিআরসি’র

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

আগামী দিনে একজন ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে আর ১০টির বেশি মোবাইল সিম কার্ড কিনতে পারবেন না—এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এতদিন পর্যন্ত এনআইডি ছাড়াও ড্রাইভিং লাইসেন্স, জন্মনিবন্ধন সনদ ও পাসপোর্ট দিয়ে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধনের সুযোগ ছিল। তবে এখন থেকে এনআইডি ভিত্তিক সিম সীমিত করে ১০টির মধ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি ১৯ মে বিটিআরসির সর্বশেষ কমিশন সভায় গৃহীত হয় এবং বর্তমানে এটি মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বিটিআরসির পর্যালোচনায় উঠে এসেছে, অধিকাংশ গ্রাহক বাস্তবে এতগুলো সিম ব্যবহার করেন না। এর পাশাপাশি, সিমের অপব্যবহার, জাতীয় নিরাপত্তা ঝুঁকি, এবং আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়েই এই সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

বর্তমানে বাংলাদেশে চারটি মোবাইল অপারেটর (গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক) কার্যক্রম পরিচালনা করছে এবং ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ছিল প্রায় ১৮ কোটি ৬২ লাখ।

বিটিআরসি জানিয়েছে, দেশে প্রতি মাসে প্রায় ৫০ লাখ সিম বিক্রি হয়, এবং দেখা গেছে, অনেক গ্রাহক একই দিনে একাধিক সিম নিবন্ধন করছেন। কিছু অসাধু রিটেইলার আঙুলের ছাপ সংরক্ষণ করে অতিরিক্ত সিম বিক্রির মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিঘ্নিত করছেন।

এছাড়াও, ভারতের মতো দেশগুলোতে একজন গ্রাহক সর্বোচ্চ ৯টি, পাকিস্তানে ৫টি, মালদ্বীপে ১০টি, আর ইন্দোনেশিয়ায় ৩টি সিম নিবন্ধন করতে পারেন। এসব দেশের অভিজ্ঞতাও বিবেচনায় রেখেই বিটিআরসি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে।

নতুন সীমাবদ্ধতা কার্যকর হলে দেশে প্রায় ২৬ লাখ গ্রাহকের অতিরিক্ত ৬৭ লাখ সিম বন্ধ হয়ে যেতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রথমবার বিটিআরসি একজন গ্রাহকের জন্য ১৫টি সিম নির্ধারণ করে। পরে ২০২২ সালে আবারও এটি পুনর্ব্যক্ত করা হয়। এবার সেই সংখ্যাটি কমিয়ে ১০-এ নামিয়ে আনার মাধ্যমে গ্রাহক নিরাপত্তা ও তথ্যের গোপনীয়তা রক্ষায় আরও কড়াকড়ি করা হচ্ছে।

সর্বশেষ নিউজ