লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় দীর্ঘদিন ধরে গজিয়ে ওঠা ৬১টি অবৈধ ইটভাটা এলাকাবাসীর জীবনযাত্রাকে ব্যাপকভাবে বিপর্যস্ত করছে বলে অভিযোগ করেছেন সমাজকর্মী আশরাফুল আলম হান্নান।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অবিলম্বে এসব ইটভাটা ধ্বংস করে প্রায় ৭ লাখ মানুষের জীবন-ঝুঁকি দূর করার দাবি জানান।
হান্নান বলেন, ‘রামগতি–কমলনগরের ইটভাটার মালিকসহ সুবিধাভোগীরা নিজেরা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো অঞ্চল। পরিবেশ ধ্বংস করে, কৃষি জমির উর্বরতা নষ্ট করে, বিদ্যুৎ অপচয় করে, রাস্তা নষ্ট করে কিছু মানুষের অর্থোপার্জন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

হাইকোর্টের নির্দেশ অমান্য
বিবৃতিতে তিনি জানান, হাইকোর্টের সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অধিকাংশ ইটভাটা এখনো সচল। গত মৌসুমে মালিকেরা লিখিতভাবে অঙ্গীকার করেছিলেন যে আর অবৈধ ইটভাটা চালাবেন না। কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে নতুন মৌসুমেও ভাটা চালু রেখেছেন তারা।
হান্নান বলেন, ‘আমরা লিফলেট, পোস্টারিংসহ বিভিন্ন মাধ্যমে বিনিয়োগ না করার অনুরোধ করেছি। কিন্তু অদৃশ্য শক্তির কাছে সাধারণ মানুষের দুর্ভোগ বছরের পর বছর হার মানছে।’
পরিবেশ–স্বাস্থ্য–কৃষিতে ভয়াবহ প্রভাব
তার অভিযোগ, অবৈধ ইটভাটাগুলো থেকে নির্গত ধোঁয়া ও বায়ুদূষণে প্রতিদিন শ্বাসযন্ত্রের সমস্যা, ফুসফুসের রোগ ও চোখের জটিলতায় ভুগছেন বহু মানুষ। ধোঁয়ার তাপে নষ্ট হচ্ছে ফসল, কমছে জমির উর্বরতা।
এ ছাড়া ভাটায় ব্যবহৃত গাড়িগুলোর কারণে গত কয়েক বছরে বহু প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।
‘নতুন অভিশাপ’
একদিকে নদীভাঙনে ঘরহারা মানুষের কষ্ট, অন্যদিকে ইটভাটার দুযোর্স জীবন—এটিকে হান্নান ‘নতুন অভিশাপ’ বলে উল্লেখ করেন।
তার ভাষায়, ‘দীর্ঘদিন ধরে নদী ভাঙনে হাজার হাজার মানুষ ভিটেমাটি হারিয়েছে। এখন পরিবেশ ধ্বংসকারী এসব ভাটা পুরো অঞ্চলের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলছে।’
‘সবাই একজোট হলে সমাধান সম্ভব’
হান্নান প্রশাসনকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এলাকার মানুষের জীবন–জীবিকা রক্ষায় এখনই কঠোর অভিযানের বিকল্প নেই। তিনি জনগণকেও সচেতন হয়ে পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।

