ঢাকা শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৬১.৮০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬৪ দশমিক ৬২ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঢাকা বোর্ডে পাসের হার কমেছে ২ দশমিক ৮২ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৬৯ হাজার ৯৭ জন। সে হিসাবে এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। সারা দেশে ২ হাজার ৭৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। পরে ওই বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে শেষ হয় ৯ সেপ্টেম্বর।

গত বছরের তুলনায় এবার ঢাকা বোর্ডসহ সার্বিক ফলাফলে পাসের হার কমে যাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ফলাফল নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সর্বশেষ নিউজ