‘মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দেবেন, নলা নিয়ে বাড়িতে যেতে পারবেন না’: এমপি মোবাশ্বের আলম

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img
কুমিল্লার লালমাই-নাঙ্গলকোট এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী দেওয়ার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়া। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তাকে ‘নলা নিয়ে বাড়িতে যেতে পারবেন না’ বলে হুমকি দেওয়ার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

রোববার (১ নভেম্বর) সংসদ সদস্যের ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে শনিবার (৩১ অক্টোবর) নাঙ্গলকোট উপজেলার হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ভাইরাল হওয়া ভিডিওতে মোবাশ্বের আলম ভূইয়াকে বলতে শোনা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার ও চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়া হবে। তবে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তাকে বাড়িতে ফিরতে দেওয়া হবে না—এমন হুঁশিয়ারি দেন তিনি।

বক্তব্যে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী নির্ধারণের দায়িত্ব সংসদ সদস্যের। তবে এ সিদ্ধান্ত এককভাবে নেওয়া হবে না। সংশ্লিষ্ট ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করেই প্রার্থী ঠিক করা হবে। যাকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হবে, তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় সংসদ সদস্য আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না। দলের শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এদিকে বক্তব্যটি নিয়ে সমালোচনা তৈরি হলে নিজের অবস্থান ব্যাখ্যা করেন সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়া। সাংবাদিকদের তিনি বলেন, যারা দলের শৃঙ্খলা নষ্ট করে বিদ্রোহী প্রার্থী দেওয়ার বিষয়ে নেতা-কর্মীদের উসকানি দিচ্ছেন, তাদের উদ্দেশ্যেই তিনি ওই কথা বলেছেন।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থনের বাইরে কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল-সমর্থিত প্রার্থীর বিজয়ী হওয়া কঠিন হয়ে পড়ে। এ কারণে নির্বাচনী এলাকার দুটি উপজেলার প্রতিটি ইউনিয়নে নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে দল-সমর্থিত প্রার্থী নির্ধারণ করা হবে।

প্রার্থী মনোনয়নের বিষয়ে তিনি বলেন, এককভাবে কাউকে মনোনয়ন দেওয়ার কথা তিনি বলেননি। বরং স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করেই প্রার্থী ঠিক করা হবে।

সর্বশেষ নিউজ