১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম সরকারিভাবে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের আগেই বাজারে তা ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছিল বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২ নভেম্বর) রাত ৯টা ১৩ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ১২ কেজির সিলিন্ডারপ্রতি ২২৩ টাকা বাড়িয়ে গ্যাসের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। অথচ বাজারে আগেই প্রতি সিলিন্ডার ২ হাজার ৫০০ টাকা করে বিক্রি হচ্ছিল।
এর আগে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন দাম ঘোষণা করে। এতে ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা থেকে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়।
বিইআরসি জানায়, সোমবার রাত ৮টার পর থেকে নতুন দাম কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই দেশের এলপিজি বাজারে অস্থিরতা শুরু হয়। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় আমদানিকারকরা সরবরাহ কমিয়ে দেন। এর ফলে খুচরা বাজারে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারিত এলপিজি সিলিন্ডার কোথাও কোথাও ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হতে থাকে।

