মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ। বিশেষ এই দিনে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও কাছের মানুষের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ আখ্যা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে মৌসুমীর একটি ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানান ওমর সানী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি…।’

স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি বাংলা চলচ্চিত্রে মৌসুমীর বিশেষ অবস্থানের কথাও তুলে ধরেছেন এই অভিনেতা। তাঁর পোস্টটি ঘিরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

এর আগে আরেকটি ফেসবুক পোস্টেও স্ত্রীকে নিয়ে আবেগঘন বার্তা দেন ওমর সানী। সেখানে তিনি লেখেন, ‘৩/১১/২৬ আজকে প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন। আলহামদুলিল্লাহ। আমার দোয়া আল্লাহ তোমাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সম্মানের সাথে রাখুন। আমার পরিবারের তাজ হয়ে থাকো। তোমার ফ্যান ক্লাবের আয়োজনে ইনশাআল্লাহ আমি থাকবো।’

মৌসুমীর জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজনের কথাও জানিয়েছেন তিনি। আগামী বুধবার (৪ নভেম্বর) ঢাকার সাভারের হেমায়েতপুরে চাপওয়ালা শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে ফাইজা ও মৌসুমীর জন্মদিন উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে তবারক বিতরণ করা হবে। এ আয়োজন প্রসঙ্গে ওমর সানী লেখেন, ‘যেটা তোমরা চেয়েছো, আল্লাহ কবুল করুন। শুভ জন্মদিন মৌসুমী।’

প্রসঙ্গত, অভিনেত্রী আরিফা জামান মৌসুমী ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনা শহরে জন্মগ্রহণ করেন। এ বছর ৫৩ বছরে পা দিয়েছেন তিনি। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর বিপরীতে অভিনয় করা প্রথম সিনেমাতেই দর্শকের মন জয় করেন মৌসুমী।

পরবর্তী সময়ে একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। অভিনয়ের সূত্র ধরেই চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৯৯৬ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। এই তারকা দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

সর্বশেষ নিউজ