খুলনা-১ আসনের সাবেক এমপি ও সাবেক হুইপ পঞ্চান্ন বিশ্বাসের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন( দুদক)। খুলনা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহিদ ফজল বাদী হয়ে মঙ্গলবার এ মামলা করেন।
মামলায় অভিযোগ আনা হয়, সাবেক সংসদ সদস্য ও হুইপ হিসাবে পঞ্চানন বিশ্বাস পাবলিক সার্ভেন্ট থাকা অবস্থায় অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। দুদকের প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, ওই সম্পদের বাজার মূল্য ১ কোটি ৬ লাখ টাকা। এই সম্পদ অর্জন করে তিনি নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও তথ্যাদি পর্যালোচনায় পঞ্চানন বিশ্বাসের নামে ৪৯ লাখ ২৪ হাজার ৫৯০ টাকার স্থাবর ও ২ কোটি ৫১ লাখ ২২ হাজার টাকার অস্থাবরসহ মোট ৩ কোটি ৪৭ হাজার টাকা মূল্যের সম্পদ পাওয়া যায়। এ সময় তার গ্রহণযোগ্য আয়ের উৎস হতে আয় পাওয়া যায় ৩ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার টাকা এবং পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় পাওয়া যায় ১ কোটি ৪১ লাখ ৮২ হাজার টাকা। অর্থাৎ ব্যয় বাদে তার নীট আয় বা সঞ্চয়ের পরিমাণ ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকা। সে মোতাবেক পঞ্চানন বিশ্বাসের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমণ ১ কোটি ৬ লাখ ৭১ হাজার টাকা। তিনি এ টাকার সম্পদ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রতীয়মান হয়।
মামলায় আরো বলা হয়, দুদক মামলাটি তদন্তের ব্যবস্থা করবে। মামলাটি তদন্তকালে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আইনামলে আনা হবে।

