জামালপুর সদর উপজেলার নান্দিনায় কৃষকদের ক্ষমতায়ন ও কৃষি সেবার মানোন্নয়নে জনঅংশগ্রহণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) নান্দিনা নেক জাহান গালস স্কুল হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE)এর নীতিমালা বিষয়ে একটি জনঅংশগ্রহণ ও সচেতনতামূলক সভা আয়োজন করেছে রানাগাছা সিভিএ বাস্তবায়নকারী গ্রুপ ।
জেসমিন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এই সভার মূল লক্ষ্য ছিল কৃষকসহ স্থানীয় জনসাধারণকে ডিএই-এর বিভিন্ন নীতি, সেবা এবং তাদের অধিকার সম্পর্কে অবগত করা।
সভায় DAE এর বিদ্যমান নীতিমালা, সুবিধা এবং নিয়মকানুন সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়। পাশাপাশি, কৃষিকাজের আধুনিক পদ্ধতি, উন্নত বীজ ও সার ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা করা হয়। এই উদ্যোগের মাধ্যমে ডিএই এবং সাধারণ জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়।
জেসমিন প্রকল্পের কর্মীরা জানান, সিটিজেন ভয়েস এন্ড একশন CVA এর অংশ হিসেবে এই কার্যক্রমের মাধ্যমে কৃষকদল DAE ডিএই-এর সিটিজেন চার্টার ও জাতীয় কৃষি নীতি ২০১৮ সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। এছাড়াও, নিয়মিত আলোচনার মাধ্যমে ডিএই সেবাগুলো কৃষকদের চাহিদা পূরণে আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এই সভার মাধ্যমে কৃষক, গণমাধ্যম কর্মী এবং DAE কর্মকর্তাদের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে, যা টেকসই কৃষি উন্নয়নে সহায়ক হবে। বিশেষ করে, নীতি নির্ধারণ ও বাস্তবায়নের প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে, যাতে নীতিমালাগুলো মাঠ পর্যায়ে ভালোভাবে কাজ করে।
উল্লেখ্য, জেসমিন প্রকল্প ২০২৩ সাল থেকে জামালপুর জেলার ৪টি উপজেলা (সদর, মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ) কাজ করছে। এটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) মাধ্যমে বাস্তবায়িত এনএসভিসি প্রকল্পের (২০১৮-২০২৩) বর্ধিত অংশ।

