সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেফতারের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রোববার (২৫ মে) দুপুর ১টায় সুপ্রিম কোর্ট বারের সামনে এই কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতারা।
বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা বলেন, খায়রুল হক জাতির সঙ্গে বেঈমানি করেছেন। সংবিধানে পঞ্চদশ সংশোধনী দিয়ে গণতন্ত্র হত্যার পথ সুগম করেছেন। তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আইন কর্মকর্তাদের পদত্যাগ, এবং দুর্নীতিগ্রস্ত ও ফ্যাসিবাদের সহযোগী বিচারকদের অপসারণের দাবিও জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, যুগ্ম মহাসচিব আল মাহবুব, সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক এম বদরুদ্দোজা বাদল এবং সদস্য সচিব জাগি তৌহিদুল ইসলাম।
নেতারা বলেন, বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করতে হলে জনগণের আস্থা হারানো বিচারপতিদের অপসারণ করতে হবে। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়ে তারা কর্মসূচি সফল করতে আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

