কুষ্টিয়া—৩ (সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমীর হামজার নাম। রোববার (২৫ মে) কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটরিয়ামে অনুষ্ঠিত জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন।
প্রার্থীর নাম ঘোষণা করে মোবারক হোসেন বলেন, কুষ্টিয়া—৩ আসনের মধ্য দিয়ে ৩০০ আসনের প্রায় সবক’টির প্রার্থী ঘোষণা সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, “আমরা যে প্রার্থী দিয়েছি, তিনি শুধু দেশের মধ্যেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত মুখ।
উল্লেখ্য, মুফতি আমীর হামজা বাংলাদেশে একজন জনপ্রিয় ইসলামি বক্তা হিসেবে পরিচিত এবং বিভিন্ন ধর্মীয় মাহফিল ও অনলাইন প্ল্যাটফর্মে তার বক্তৃতা ব্যাপকভাবে প্রচারিত হয়।
জামায়াতের অবস্থান ও নির্বাচন প্রসঙ্গ মোবারক হোসেন সমাবেশে বলেন, সংস্কার ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি ছাড়া জামায়াতে ইসলামী কোনো নির্বাচন মেনে নেবে না। তিনি স্পষ্ট করে জানান, ২০১৮ বা ২০২৪ সালের মতো নির্বাচনের পুনরাবৃত্তি তারা চান না। দলটির প্রধান দাবি হলো, একটি নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন আয়োজন।
জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন মোবারক হোসেন। বিশেষ অতিথি ছিলেন যশোর—কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস ও অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন।
এছাড়াও উপস্থিত ছিলেন— জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর। কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন। কুষ্টিয়া শহর জামায়াত আমির এনামুল হক। ছাত্রশিবির শহর সভাপতি সেলিম রেজা। জেলা ছাত্রশিবির সভাপতি খাজা আহমেদ প্রমুখ।

