বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য সুখবর নিয়ে এসেছে। বাংলাদেশ সাসটেইনেবল ইমার্জেন্সি রিকভারি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রকল্প’ (বি-স্ট্রং) বাস্তবায়নের জন্য সংস্থাটি বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ হাজার ২৮৩ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৬০ টাকা ধরে)।
গত বছরের আগস্টের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, বাঁধ মেরামত, এবং দুর্গতদের সহায়তা ও পুনর্বাসনই এই প্রকল্পের মূল লক্ষ্য।
রোববার ঢাকার আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে ঋণচুক্তি স্বাক্ষর হয়। সরকারের পক্ষে সই করেন ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে গেইল মার্টিন।
প্রকল্পটি ২০২৫ সালের জুলাই থেকে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন করবে পাঁচটি মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা। এর মধ্যে রয়েছে পানি উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।
ঋণটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে নেওয়া হবে এবং তা ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে। বার্ষিক সার্ভিস চার্জ ০.৭৫% এবং সুদের হার ১.২৫% নির্ধারণ করা হয়েছে।
বিশ্বব্যাংক স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে ৪৩.৫ বিলিয়ন ডলারের বেশি অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে দেশজুড়ে তাদের ৪৭টি প্রকল্পে ১৩.১ বিলিয়ন ডলারের অর্থায়ন চলমান।

