সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে রাজধানীর সচিবালয়ে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। মঙ্গলবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে নিরাপত্তা বলয় ভেঙে সচিবালয়ের ভেতরে প্রবেশ করে বিক্ষোভ শুরু করেন তারা।
কঠোর নিরাপত্তা, গণমাধ্যমকর্মীরাও আটকে
সকাল থেকেই সচিবালয় ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে সোয়াত, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না দর্শনার্থী ও সাংবাদিকদের। গণমাধ্যমকর্মীদের ফটকের বাইরে থেকে সংবাদ সংগ্রহ করতে হচ্ছে।
প্রতিবাদে উত্তাল স্লোগান সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় জড়ো হয়ে কর্মকর্তা—কর্মচারীরা দেন নানা ধরনের প্রতিবাদী স্লোগান: লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। অবৈধ কালো আইন, বাতিল কর করতে হবে। আপস নয় সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম ।১৮ লাখ কর্মচারী, এক হও এক হও।
জুলাই মঞ্চের পাল্টা কর্মসূচি
এদিকে ‘জুলাই মঞ্চ’ নামের একটি সংগঠন সচিবালয় ও এনবিআরের ভেতর থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদী আমলাদের উৎখাতে পাল্টা ‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ কর্মসূচি পালন করছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা
এদিন সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ রাখা হয়। সোমবার (২৬ মে) রাতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানায়।

