তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ স্লোগানকে সামনে রেখে বিএনপির তিন অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজনে নয়াপল্টনে বিভাগীয় যুবসমাবেশ ঘিরে নেতাকর্মীদের ঢল নেমেছে। আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় শুরু হওয়ার আগেই রাজধানীসহ আশপাশের বিভাগীয় শহরগুলো থেকে মিছিল নিয়ে কর্মীরা সমবেত হন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।
সকাল থেকেই নয়াপল্টন এলাকায় তরুণ নেতাকর্মীদের স্লোগানে মুখর পরিবেশ, ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকায় ভরে ওঠে পুরো এলাকা। কেউ কেউ সঙ্গীত, নাচ ও প্রতিবাদী স্লোগানের মাধ্যমে কর্মসূচিতে যোগ করেন উচ্ছ্বাসের নতুন মাত্রা।
ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, “তরুণরা এখন রাজনীতি থেকে বঞ্চিত—তারা ভোট দিতে পারে না, মত প্রকাশ করতে পারে না। এই সমাবেশ সেই বঞ্চনার প্রতিবাদ।”
নয়াপল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে আশপাশের সড়কগুলো।

