টেকনাফে কোস্ট গার্ড ও র্যাব-১৫ এর সমন্বয়ে পরিচালিত এক সফল অভিযানে প্রায় ১২ কোটি ৫০ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে টেকনাফের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভ সড়কের পূর্ব পাশে হ্যাচারি সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে র্যাবের ডগ স্কোয়াডের সহায়তায় জঙ্গলের ভেতরে অভিনব কায়দায় লুকানো হালকা হলুদ রঙের একটি বস্তা উদ্ধার করা হয়।
বস্তাটি তল্লাশি করে এক লাখ ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট, এক কেজি ইয়াবা তৈরির সম্ভাব্য কাঁচামাল (পাউডার), এবং এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়। এসব মাদকের বাজারমূল্য প্রায় ১২ কোটি ৫০ লাখ টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। এ সময় লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় মাদক পাচার রোধে কোস্ট গার্ড নিয়মিত টহল চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানে কোস্ট গার্ড ও র্যাবের সমন্বিত প্রচেষ্টা উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

