জাপানে কর্মসংস্থান: আগামী পাঁচ বছরে ১ লাখ ২০ হাজার বাংলাদেশি নেবে

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বাংলাদেশ থেকে আগামী পাঁচ বছরের মধ্যে এক লাখ বিশ হাজার দক্ষ কর্মী নেবে জাপান। এই লক্ষ্যে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে—একটি জনশক্তি পাঠানোর বিষয়ে, আর অন্যটি বাংলাদেশিদের প্রশিক্ষণের জন্য ঢাকায় একটি বিশেষ কেন্দ্র স্থাপন সংক্রান্ত।

বৃহস্পতিবার (২৯ মে) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান।

জাপানের মানবসম্পদ সংক্রান্ত এক সেমিনারে অংশ নিয়ে দেশটির ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোপারেটিভস-এর চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা জানান, তাদের সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলো আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে ১ লাখ ২০ হাজার প্রশিক্ষিত কর্মী নিয়োগের পরিকল্পনা করছে। এ ছাড়াও জাপানের বিভিন্ন কোম্পানিতে আরও কয়েক হাজার দক্ষ কর্মীর প্রয়োজন হবে বলেও তিনি জানান।

এদিকে, টোকিওতে আয়োজিত নিক্কেই সম্মেলনে বক্তৃতা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি সম্মেলনে উপস্থিত জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশের সম্ভাবনাময় খাতসমূহে বিনিয়োগ করার আহ্বান জানান।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা গত বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে জাপানে পৌঁছান। টোকিও বিমানবন্দরে তাকে স্বাগত জানান সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী। এর এক দিন আগে, মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত সোয়া ২টার দিকে অধ্যাপক ইউনূস ঢাকা ছাড়েন।

সর্বশেষ নিউজ