জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আগামী ডিসেম্বরে যদি নির্বাচন না হয়, তাহলে তরুণ প্রজন্মই এর জবাব দেবে।
বৃহস্পতিবার (২৯ মে) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, আশিক চৌধুরীকে ঘিরে বিনিয়োগের যে প্রচার চালানো হচ্ছিল, তা দেশের মানুষ স্পষ্টভাবে বুঝে গেছে। বাস্তবতা হলো—গণতান্ত্রিক নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো ধরনের টেকসই বিনিয়োগ সম্ভব নয়।
এ সময় মোনায়েম মুন্না আগের দিন (২৮ মে) অনুষ্ঠিত ‘তারুণ্যের সমাবেশ’ উপলক্ষে নগরবাসীর সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বিএনপি সব সময় তরুণ নেতৃত্বে আস্থা রাখে। দেশব্যাপী তারুণ্যনির্ভর কর্মসূচিগুলোতে তরুণদের দৃপ্ত উপস্থিতি ভবিষ্যৎ লড়াইয়ের নতুন বার্তা দিচ্ছে।
সংবাদ সম্মেলনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা সম্প্রতি চট্টগ্রামে একজন নারীর ওপর হামলার তীব্র প্রতিবাদ জানান। নেতারা বলেন, ক্যাম্পাসে গোপন তৎপরতার রাজনীতি নয়, উন্মুক্ত গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত।
তারা অভিযোগ করেন, বর্তমান সরকার রাজনৈতিক দখলদারিত্বকে প্রশ্রয় দিচ্ছে। বিশেষ করে ৫ আগস্টের পর থেকে ছাত্রশিবির ক্যাম্পাসে পুনরায় দখলদার মনোভাব নিয়ে সক্রিয় হয়েছে, যা জনগণ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে।

