চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই থেকে এপ্রিল) বাংলাদেশ বৈদেশিক ঋণ বাবদ ৩৫০ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৭৩ শতাংশ বেশি। এমন তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি বলেন, “এই অর্থবছরের প্রথম ১০ মাসে যে পরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ হয়েছে, তা আগের পুরো অর্থবছরের মোট পরিশোধের চেয়েও বেশি।”
উপদেষ্টা আরও জানান, এই সময়ে বাংলাদেশ আসল ঋণ বাবদ পরিশোধ করেছে প্রায় ২০২ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১৬৬ কোটি ডলার। অর্থাৎ এই খাতে পরিশোধ বেড়েছে প্রায় ৩২ দশমিক ৮৬ শতাংশ।
অন্য এক পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, সাম্প্রতিক অতিভারী বৃষ্টিপাত সত্ত্বেও ঢাকার জলাবদ্ধতা আগের তুলনায় অনেক কম ছিল। তিনি জানান, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং সিটি করপোরেশনের কর্মীদের রাতভর কাজের ফলেই পানি দ্রুত সরে গেছে।
তিনি বলেন, “কোথাও জলাবদ্ধতা থাকলে নাগরিকদের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে।”

