জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে আগামীকাল, রোববার। প্রসিকিউশন পক্ষ এই অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করবে।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানিয়েছেন, বিচারিক কার্যক্রমটি বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচারের সম্ভাবনা রয়েছে, তবে ট্রাইব্যুনালের অনুমতির ওপর তা নির্ভর করবে। শনিবার বিকালে এক ক্ষুদে বার্তায় তিনি জানান, আগামীকাল আদালতে আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হবে। অনুমতি পেলে শুনানির দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে।
এর আগে শনিবার, আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হচ্ছে।
তিনি আরও জানান, ডিসেম্বরের মধ্যেই বিচার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি আসবে এবং বিচার এমনভাবে পরিচালিত হবে, যাতে নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে।”
গত ১২ মে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত সম্পন্ন হয়। ওই দিন এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, আন্দোলন দমন করতে গিয়ে ১,৪০০-রও বেশি মানুষকে হত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ অভিযোগগুলোর মধ্যে রয়েছে—নির্দেশনা প্রদান, প্ররোচনা, ও উসকানি দেওয়া।

