জামায়াতের নিবন্ধন বৈধ: আদালতের রায় নিয়ে শিশির মনিরের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

দীর্ঘ এক যুগের আইনি প্রক্রিয়ার পর রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রোববার (১ জুন) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ রায় দেন। নির্বাচন কমিশনকে দ্রুত এই রায় বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে দলটির প্রতীক ‘দাঁড়িপাল্লা’ বিষয়ে কোনো সরাসরি আদেশ দেননি আদালত। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিয়েছেন আপিল বিভাগ।

রায়ের প্রতিক্রিয়ায় জামায়াতপন্থী আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, “আদালত জামায়াতের নিবন্ধন বৈধ বলে ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।”

তিনি আরও জানান, আদালতের সংক্ষিপ্ত রায়ের কপি চাওয়া হয়েছে এবং সেটি পেলে প্রতীকের বিষয়সহ অন্যান্য দিক আরও পরিষ্কার হবে। তার ভাষায়, “সংক্ষিপ্ত রায়ে প্রতীক বিষয়ে কিছু বলা না হলেও, কমিশনকে বিষয়টি দেখার নির্দেশনা থেকেই প্রতীকের ইঙ্গিত পাওয়া যায়।”

আদালতে জামায়াতের পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন এবং ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম।

উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেয়। এরপর ২০১৮ সালে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে দলটির নিবন্ধন বাতিল করে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলে সেটি দীর্ঘ সময় ঝুলে থাকে। অবশেষে ১৪ মে শুনানি শেষ হয় এবং ১ জুন রায় ঘোষণা করা হয়।

সর্বশেষ নিউজ