যুদ্ধ শুরু ইরানের সরাসরি ঘোষণা ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের ষষ্ঠ দিনে সরাসরি যুদ্ধ শুরুর ঘোষণা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। মঙ্গলবার সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি স্পষ্টভাবে লিখেছেন, যুদ্ধ শুরু হলো।
এর আগে টানা পাঁচ দিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাল্টাপাল্টি লড়াই চলেছে। আজকের ঘোষণার মধ্য দিয়ে সংঘাত একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগোচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, গতকাল মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতাকে সহজ লক্ষ্যবস্তু অভিহিত করে বলেছিলেন, খামেনিকে হত্যা করা সম্ভব, তবে এখনই তা করব না। একইসঙ্গে তিনি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ” দাবি করেন।
এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার খামেনির সরাসরি ঘোষণা যুদ্ধের নতুন মাত্রা যোগ করেছে। এই যুদ্ধ এখন শুধু ক্ষেপণাস্ত্রেই সীমাবদ্ধ নয়— ইরানের সাইবার সিকিউরিটি কমান্ড জানিয়েছে, ইসরায়েল তাদের বিরুদ্ধে বড় পরিসরে সাইবার যুদ্ধ শুরু করেছে।
এই সংঘাতের ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব পড়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গতকাল পৌঁছেছে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। আশঙ্কা করা হচ্ছে, এই যুদ্ধ অব্যাহত থাকলে তেলের সরবরাহ ব্যাহত হয়ে বাজারে ব্যাপক সংকট সৃষ্টি হতে পারে।

