মধ্যপ্রাচ্যে চলমান ইসরায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে একত্র হয়েছেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। তুরস্কভিত্তিক এক সংবাদ সংস্থা জানায়, ২০ জুন সন্ধ্যায় ইস্তাম্বুলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মূল আলোচ্য বিষয় ছিল ইসরায়েল-ইরান সংঘাত এবং এর আঞ্চলিক প্রভাব।
এই বৈঠকটি ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর পরবর্তী শীর্ষ সম্মেলনের একদিন আগে আয়োজিত হয়। ওআইসি সম্মেলনেও এই ইস্যু আলোচনার জন্য নির্ধারিত রয়েছে। ধারণা করা হচ্ছে, আরব পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করতে পারেন।
এদিকে, ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ নিশ্চিত করেছে যে, ইরান থেকে নতুন করে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। অপরদিকে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ওই হামলা মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং আকাশপথে আসা ক্ষেপণাস্ত্র আটকানোর চেষ্টা করছে।
ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গোলান মালভূমি ও পশ্চিম তীর এলাকায় ইরান থেকে পাঠানো ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে ইসরায়েলও পাল্টা প্রতিক্রিয়ায় মধ্য ইরানের ক্ষেপণাস্ত্র গুদাম ও উৎক্ষেপণ কাঠামোতে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী।
ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান এই উত্তেজনা ইতোমধ্যে নয়দিন পেরিয়ে গেছে। দুপক্ষের সামরিক কার্যক্রমে পুরো মধ্যপ্রাচ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, যার সমাধানে কূটনৈতিক চেষ্টা জোরদার করতে চায় আরব বিশ্ব।

