অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি জিয়াউর রহমানের নামে দুদক মামলা করেছে। তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমানের বিরুদ্ধে ১ কোটি ৮ লাখ ৩২ হাজার ৮৫৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ জুন) এ তথ্য জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি জানান, আসামি তার নিজ নামে এবং প্রতিষ্ঠানের নামে পরিচালিত ৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ১০ কোটি ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা হয়েছে।
এছাড়া, তার স্ত্রী মোসা. কাশমেরী বেগমের বিরুদ্ধে ৫২ লাখ ৪৭ হাজার টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে। তার নামে ও বেনামে আরও সম্পদ থাকার প্রমাণ পাওয়ায় দুদক আইন ২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

