রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরার শ্রী শ্রী মহাপ্রভূর গৌরাঙ্গ মন্দিরের মূল গেটের সামনে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আবু সালাম (৪৪) ও মো. জুলহাস উদ্দিন (৪০)। দুজনের বাড়িই কুমিল্লার দেবীদ্বার উপজেলায়, বর্তমানে তারা রাজধানীর কড়াইল বস্তিতে বসবাস করেন।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, রাতে নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ওই এলাকায় মাদক পাচার হতে পারে। এরপর অফিসার ইনচার্জের নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট বসানো হয়। কিছুক্ষণ পর সন্দেহভাজন দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।

তল্লাশিতে আবু সালামের কাছ থেকে তিন কেজি এবং জুলহাস উদ্দিনের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা। এছাড়া তাদের কাছ থেকে একটি টেকনো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন এবং একটি নোকিয়া বাটন ফোনও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

