শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৩৬৯ বোতল ভারতীয় বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার সকালে উপজেলার সীমান্তবর্তী বারোমারী মিশন বটতলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন নালিতাবাড়ী উপজেলার দাওধারা গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. শামিম আহমেদ এবং একই উপজেলার সমশচুরা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. ছামিদুল ইসলাম সাব্বির (১৯)।
র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আসিক আল-রাজেক রোববার দুপুরে জামালপুর র্যাব কার্যালয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের কাছ থেকে ৩৬৯ বোতল ভারতীয় বিদেশি মদ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৫০ হাজার টাকা।
র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাব কর্মকর্তা।

