৬ মে ২০২৬, বুধবার

আন্তর্জাতিক অঙ্গনে আদ্রীকা এ্যানি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বাংলাদেশের শোবিজ অঙ্গনে পরিচিত মুখ আদ্রীকা এ্যানি এখন আর শুধু দেশীয় পরিসরে সীমাবদ্ধ নন। মডেল ও অভিনেত্রী হিসেবে তিনি কাজের মাধ্যমে জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনেও। কাজের বৈচিত্র্য, আত্মবিশ্বাস ও সুদূরপ্রসারী পরিকল্পনাই তাঁকে আলাদা করে তুলে ধরেছে।

 

২০০৯ সালে ক্লাস নাইন-এ পড়াকালীন বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটি ফটোশুটের মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করেন আদ্রীকা এ্যানি। অল্প বয়সে ক্যামেরার সামনে দাঁড়ানোর সেই অভিজ্ঞতাই ধীরে ধীরে তাঁকে নিয়ে আসে পেশাদার মডেলিং ও অভিনয়ের জগতে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে গড়ে তুলেছেন আন্তর্জাতিক মানের একজন শিল্পী হিসেবে।

 

এ পর্যন্ত তিনি ২০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি কাজ করেছেন অসংখ্য মিউজিক ভিডিওতে। দেশের বাইরেও তাঁর কাজের পরিধি বিস্তৃত। পাকিস্তান, ইউরোপের বিভিন্ন দেশ, আফ্রিকা ও ভারতের একাধিক প্রজেক্টে অংশগ্রহণ করেছেন তিনি। এর পাশাপাশি তাঁর ঝুলিতে রয়েছে পাঁচটি সিনেমার কাজ।

 

দেশ ও বিদেশের কাজের অভিজ্ঞতা থেকে শোবিজের বাস্তবতা নিয়েও খোলামেলা কথা বলেন আদ্রীকা এ্যানি। তাঁর ভাষ্য, দেশে অনেক সময় কাজের প্রকৃত মূল্যায়ন হয় না। বরং লবিং কিংবা বডি শেমিংয়ের মতো বিষয় সামনে চলে আসে। এ কারণে নতুনদের উদ্দেশে তাঁর পরামর্শ—মিডিয়ায় আসার আগে নিজেকে যথাযথভাবে গ্রুমিং করতে হবে এবং মানসিকভাবে শক্ত থাকতে হবে।

 

শুধু অভিনয়েই নয়, উদ্যোক্তা হিসেবেও ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে আদ্রীকা এ্যানির। যুক্তরাজ্যে একটি প্রোডাকশন হাউজ গড়ে তোলার স্বপ্ন দেখেন তিনি। সেখানে বাংলাদেশি তরুণ-তরুণী ও নতুন শিল্পীরা কোনো ধরনের শর্ত ছাড়াই কাজের সুযোগ পাবেন—এমন পরিবেশ তৈরির ইচ্ছা তাঁর। পাশাপাশি ভবিষ্যতে সিনেমা প্রযোজনার সঙ্গেও যুক্ত হতে চান তিনি।

 

নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশে তাঁর বার্তা স্পষ্ট—কাজকে ভালোবাসতে হবে, কন্টিটির পেছনে না ছুটে কোয়ালিটিকে গুরুত্ব দিতে হবে এবং ইন্ডাস্ট্রিতে নতুনদের গ্রহণ করার মানসিকতা তৈরি করতে হবে।

 

স্বপ্ন, সাহস ও দায়িত্ববোধ—এই তিনের সমন্বয়েই আদ্রীকা এ্যানি এগিয়ে যেতে চান আরও বহুদূর। নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি অন্যদের জন্যও সুযোগের নতুন দুয়ার খুলে দিতে চান তিনি।

সর্বশেষ নিউজ