চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসাইনের উদ্যোগে রিকশাচালকদের সম্মানে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডস্থ হাওলাদার বাড়িতে এ আয়োজন করা হয়। ব্যতিক্রমী ও মানবিক এ অনুষ্ঠানে শহরের প্রায় সাত শতাধিক রিকশাচালক অংশগ্রহণ করেন। ইফতার শেষে উপস্থিত রিকশাচালকদের হাতে ঈদ উপহার তুলে দেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মো. মোশারফ হোসাইন।
এ সময় তিনি বলেন, তিনি এমন একটি চাঁদপুর গড়ে তুলতে চান যেখানে কোনো বৈষম্য, হানাহানি, মারামারি, মাদক, সন্ত্রাস কিংবা চাঁদাবাজি থাকবে না। এমন একটি শহর গড়ে উঠবে যেখানে সব শ্রেণি-পেশার মানুষ সম্মানের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন।
তিনি আরও বলেন, “আজ যারা এই ইফতার মাহফিলে এসেছেন, তারা সবাই এই শহরের নাগরিক। আমি তাদের ভাই, স্বজন কিংবা প্রতিবেশী। অতীতেও আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও যতদিন বেঁচে থাকব আপনাদের পাশে থাকব।”
চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসাইন বলেন, রিকশাচালকসহ সকল শ্রমজীবী মানুষ আমাদের মতোই মানুষ। তারাও সম্মানের সঙ্গে জীবন-জীবিকা নির্বাহ করতে চান এবং পৌর নাগরিক হিসেবে তাদের ন্যায্য অধিকার পেতে চান। মহান আল্লাহ যদি তাকে চাঁদপুর পৌরসভার মেয়র হওয়ার সুযোগ দেন, তাহলে তিনি নাগরিকদের অধিকার বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন।
ইফতারের আগে চাঁদপুর পৌরবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাওলাদার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আশেক এলাহী।
এ সময় আমন্ত্রিত রিকশাচালকদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন মেসার্স মোশারফ হোসাইনের পরিচালক এবং আলহাজ্ব মো. মোশারফ হোসাইনের একমাত্র সন্তান মারজুক মুঈদ ঐশ্বর্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সহ-সভাপতি নাইমা মোশারফ, সাবেক যুবদল নেতা মুজিবুর রহমান ফরহাদ, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, পৌর শ্রমিক দলের আহ্বায়ক ফরিদ মস্তান, চাঁদপুর জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক রহমান বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, চারু মোল্লাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

