মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালি-এর কাছে একটি কাঠের তৈরি নৌযান (ধাও)–এ অগ্নিকাণ্ডের ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে সরকারি সূত্র।
আন্তর্জাতিক গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জাহাজটিতে মোট ১৮ জন ভারতীয় ক্রু ছিলেন। পরে পাশ দিয়ে যাওয়া একটি জাহাজ তাদের উদ্ধার করে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আহত নাবিকদের দুবাইয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ভারতীয় কনস্যুলেট দুবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, তাদের কর্মকর্তারা উদ্ধার হওয়া নাবিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ধাও জাহাজের মালিকের সঙ্গে যোগাযোগ রাখছেন। প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয়।
এর আগে কনস্যুলেট এক বিবৃতিতে সমুদ্রে দুর্ঘটনায় এক নাবিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে।
এদিকে এই ঘটনা এমন সময় ঘটল যখন হরমুজ প্রণালি এলাকায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হওয়ায় এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
শুক্রবার ওই এলাকায় দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরকে দায়ী করলেও কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

