১১ মে ২০২৬, সোমবার

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার ঘটনায় নাজমুল ইসলাম মোহন নামে এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুরে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মোহন উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়ার উদয়পুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির নজরুল ইসলামের ছেলে। সংগঠনে তার কোনো নির্দিষ্ট পদ না থাকলেও তিনি ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী বলে পরিচিত। এর আগে শুক্রবার (৮ মে) রাতে উদয়পুর গ্রাম থেকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে রামগঞ্জ-চাটখিল সীমান্তবর্তী আঞ্চলিক মহাসড়ক এলাকায় ১৫-২০ জনের একদল নেতাকর্মী নিয়ে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল— ‘অবৈধ নিষিদ্ধাদেশ প্রত্যাহার করো’ এবং ‘রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি চাই’। ব্যানারের নিচে আয়োজক হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তাহসান আহম্মেদ রাসেলের নাম উল্লেখ ছিল। মিছিল থেকে নেতাকর্মীরা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে মোহনকে গ্রেপ্তার করে।

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী ‘এইদিন এইসময়’-কে জানান, “নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে শুধু মিছিল নয়, তার বিরুদ্ধে থানায় আরও মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করার সময় বিস্তারিত তথ্য উপস্থাপন করা হবে।”

সর্বশেষ নিউজ