আগামী রোববার থেকে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ-২০২৬’। এদিন সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে এই পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হবে। এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে – ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ।’
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। এরপর তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।
উদ্বোধনী দিনেই সাহসিকতা ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়া হবে। এ বছর মর্যাদাপূর্ণ এই পদকের জন্য পুলিশের বিভিন্ন পর্যায়ের মোট ১০৭ জন সদস্যকে মনোনীত করা হয়েছে। প্রধানমন্ত্রী মনোনীত সদস্যদের হাতে এই পদক তুলে দেবেন।
জানা গেছে, এবারের বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তাঁর নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা এই প্যারেডে অংশ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
চার দিনব্যাপী আয়োজিত এই পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্ম অধিবেশনে গত বছরের কার্যক্রম পর্যালোচনা করে আগামী বছরের জন্য নতুন কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। আগামী ১৩ মে শেষ হবে এবারের এই আয়োজন।

