১২ মে ২০২৬, মঙ্গলবার

শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরের ৫০০ মিটারের মধ্যে সব মদের দোকান বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রী বিজয়ের

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img
তামিলনাড়ুকে ‘নেশামুক্ত’ করার যে প্রতিশ্রুতি নির্বাচনী প্রচারে দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই তা বাস্তবায়নের পথে হাঁটলেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। রাজ্যজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি সরকারি মদের দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন এই নতুন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার (১২ মে) মদের দোকান বন্ধের বিষয়ে বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, “জনস্বার্থ বিবেচনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় রাজ্যের সমস্ত উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি খুচরা মদের দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করার কড়া নির্দেশ দিয়েছেন।”

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র এক প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ুতে বর্তমানে ‘তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন’ (TASMAC)-এর অধীনে মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। এর মধ্যে ২৭৬টি দোকান উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছাকাছি এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের সন্নিকটে অবস্থিত।

তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশনের এই মদ বিক্রি থেকে রাজ্যের আয়ের একটি বড় অংশ আসে। শুধুমাত্র ২০২৫ সালেই এই খাত থেকে রাজ্যের মোট রাজস্ব আয় ছিল ৪৮ হাজার কোটি রুপির বেশি। বিপুল অঙ্কের এই রাজস্ব হারানোর ঝুঁকি থাকলেও, জনস্বার্থে নেওয়া দোকান বন্ধের এই সিদ্ধান্ত রাজ্যের সব রাজনৈতিক দলের ঐকমত্যেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

গত রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর, এটিই জোসেফ বিজয়ের প্রথম বড় সরকারি আদেশ। এবারের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল টিভিকে (TVK) বিধানসভার ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয়ী হয়ে চমক দেখায়। বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় একটি থেকে পদত্যাগ করার পর তাঁদের মোট আসন সংখ্যা দাঁড়ায় ১০৭। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন না থাকায় সরকার গঠনের জন্য কিছুটা অপেক্ষা করতে হয়েছিল। পরবর্তীতে কংগ্রেস, দুটি বামপন্থী দল এবং ভিদুথালাই চিরুথাইগাল কাটচির (ভিসিকে) সমর্থনে প্রয়োজনীয় আসন নিশ্চিত করে সরকার গঠন করেন থালাপতি বিজয়।

সর্বশেষ নিউজ