গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন উজারপাড়া এলাকায় এক কিশোর অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ মে) দিবাগত রাতে এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহতের অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যাওয়া হয়।
নিহত ওই চালকের নাম শুভ (১৬)। সে নেত্রকোনার মদন থানার গোবিন্দশ্রী এলাকার মো. আমির মিয়ার ছেলে। শুভ গাজীপুরের শরিফপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং ওই এলাকাতেই অটোরিকশা চালাতেন।
গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ জানান, সোমবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন শুভ। মঙ্গলবার ভোরে উজারপাড়া মহরের বাড়ি এলাকায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যার পর অটোরিকশাটি নিয়ে পালিয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

