পুলিশ সদস্যরা মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িয়ে পড়লে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
মঙ্গলবার (১২ মে) রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আইজিজ ব্যাজ, শিল্ড প্যারেড এবং অস্ত্র-মাদক উদ্ধারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘পুলিশের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা ও জনআস্থা ধরে রাখার বিষয়ে বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মাদকবিরোধী অবস্থানকে আরও কঠোর করা হয়েছে। মাদক দেশের যুব সমাজ ও ভবিষ্যতের জন্য বড় হুমকি।’
তিনি জানান, এ চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করছে। তবে কোনো সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আইজিপি আরও বলেন, ‘ইতিমধ্যেই মাদক সংশ্লিষ্টতায় জড়িত কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে বাহিনীর অবস্থান আরও স্পষ্ট হয়েছে।’
বাংলাদেশ পুলিশকে একটি ঐতিহ্যবাহী বাহিনী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ দমনে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন।’
সব সদস্যকে দেশের কল্যাণে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, বর্তমানের এসব অর্জন ভবিষ্যতে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

