গরুবোঝাই গাড়ি আটকে ‘বার্থ সার্টিফিকেট’ চাইলেন বিধায়ক

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর গবাদি পশু জবাই ও পরিবহনের ওপর কড়াকড়ি শুরু হয়েছে। তবে এরই মধ্যে এক বিচিত্র কাণ্ড ঘটিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক রেখা পাত্র। শনিবার হিঙ্গালগঞ্জের লেবুখালী এলাকায় গরুবোঝাই একটি গাড়ি আটকে সেটির চালক ও আরোহীদের কাছে গবাদি পশুর ‘জন্ম সনদ’ বা বার্থ সার্টিফিকেট দাবি করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হিঙ্গালগঞ্জের বিধায়ক রেখা পাত্র রাস্তা দিয়ে যাওয়ার সময় গরুবোঝাই গাড়িটি থামান। এরপর তিনি গাড়ি থেকে সব গবাদি পশু নামিয়ে রাস্তার পাশে একটি গাছের নিচে বেঁধে রাখার নির্দেশ দেন। একই সাথে পশুগুলোর জন্য খড় ও পর্যাপ্ত পানির ব্যবস্থাও করেন। এই বিষয়ে বিজেপি নেত্রী জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবৈধ গবাদি পশু পাচার ও ব্যবসার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দিয়েছেন।

রেখা পাত্র আরও দাবি করেন, রাজ্য সরকারের নতুন নিয়ম অনুযায়ী ১৪ বছরের কম বয়সী কোনো গবাদি পশু জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই নিয়মের ব্যত্যয় ঘটছে কি না তা নিশ্চিত করতেই তিনি গরুর বয়স যাচাইয়ের জন্য জন্ম সনদ দেখতে চেয়েছেন। আর কেউ এই সার্টিফিকেট দেখাতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। বিরোধী দলটি বিদ্রূপাত্মক প্রশ্ন তুলে বলেছে, রেখা পাত্র কি ভারতের অন্য কোনো বিজেপি শাসিত রাজ্যে গরুর জন্ম সনদ দেখাতে পারবেন?

সর্বশেষ নিউজ