দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আগামী ৩ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে ৪ জুন থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে, ফলে তাপমাত্রাও কিছুটা কমে আসতে পারে।
সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত চার দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আগামী ৩ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় সিলেট, খবর ও বিভাগের ২৬ থেকে ৫০ শতাংশ এলাকায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের ১ থেকে ২৫ শতাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪ জুন থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ৫০ থেকে ৭৫ শতাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ২৫ থেকে ৫০ শতাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ ছাড়া ৫ জুন থেকে ময়মনসিংহ, রংপুর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের ৫০ থেকে ৭৫ শতাংশ এলাকায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের ২৫ থেকে ৫০ শতাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময়ে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। এর প্রভাবে তাপমাত্রাও কিছুটা কমে আসতে পারে।

