ট্রাফিক আইন: গাড়ির মালিকের পাশাপাশি এখন থেকে চালকের বিরুদ্ধেও মামলা

spot_img
spot_img

ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এখন থেকে অন্তত ৫০ ভাগ মামলা গাড়ির মালিকের পাশাপাশি সরাসরি চালকের বিরুদ্ধে করা হবে। মঙ্গলবার (২ জুন) ডিএমপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান এ তথ্য জানান।

চালকের বিরুদ্ধে মামলার মূল উদ্দেশ্য

সংবাদ সম্মেলনে মো. আনিসুর রহমান বলেন, “গাড়ি চালান চালক, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মামলা হয় মালিকের বিরুদ্ধে, আর চালক থেকে যান ধরা-ছোঁয়ার বাইরে। এই ধারা পরিবর্তন করতে আমরা এখন থেকে মামলার অন্তত অর্ধেক চালকের নামে করার উদ্যোগ নিয়েছি।”

এই প্রক্রিয়ায় দুই ধরনের প্রভাব পড়বে বলে তিনি জানান: ১. জরিমানা: চালককে সরাসরি জরিমানার টাকা পরিশোধ করতে হবে। ২. ডিমেরিটস পদ্ধতি: ট্রাফিক আইন ভঙ্গের দায়ে চালকের ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কাটা যাবে।

এর ফলে গাড়ির মালিকরা চালক নিয়োগের সময় তাদের লাইসেন্সের পয়েন্ট যাচাই করে সতর্ক থাকতে পারবেন, যা পেশাদারিত্ব ও দায়িত্ববোধ বাড়াতে সহায়তা করবে।

মামলার সত্যতা যাচাই ও শুদ্ধি অভিযান

ভুয়া মামলা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রাফিক পুলিশ কখনো কারো কাছে পাসওয়ার্ড বা কোড নম্বর চাইবে না। প্রতিটি মামলার চিঠিতে সংশ্লিষ্ট ডিভিশনের অফিসার ও ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের কর্মকর্তাদের স্বাক্ষর থাকবে। এ ছাড়া খুব শীঘ্রই গাড়ির নম্বরপ্লেটের সঠিকতা ও স্বচ্ছতা যাচাইয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।

সর্বশেষ নিউজ