অনুপ্রবেশ বা অপরাধের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সীমান্তে অনুপ্রবেশ বা অপরাধমূলক কর্মকাণ্ডের সময় সংঘটিত হত্যাকে ‘বর্ডার কিলিং’ বা সীমান্ত হত্যা হিসেবে সংজ্ঞায়িত করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যদি অন্য দেশের বাহিনী আমাদের সীমান্তে বা শূন্য রেখায় এসে কাউকে হত্যা করে, তবে সেটিকে সীমান্ত হত্যা বা বর্ডার কিলিং বলা যেতে পারে। কিন্তু আমাদের কিংবা তাদের সীমানার ভেতরে কেউ যদি কোনো অপরাধে জড়িয়ে পড়ে বা অবৈধভাবে অনুপ্রবেশ করে, তবে সংশ্লিষ্ট দেশ তাদের নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। একে সরাসরি বর্ডার কিলিং বলা যুক্তিসঙ্গত নয়।”

তিনি আরও জানান, বিএসএফ এবং বিজিবির ডিজি পর্যায়ের বৈঠকে সীমান্ত সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করবে। নিয়মিত এই বৈঠকে পারস্পরিক নিরাপত্তা ও সমস্যা সমাধানের বিষয়গুলো প্রাধান্য পাবে।

পশ্চিমবঙ্গে ‘বাংলাদেশি’ পরিচয়ে সীমান্ত এলাকায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হওয়ার অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি স্পষ্ট করেন, সরকার যেকোনো ধরনের অবৈধ ‘পুশইন’ বা ‘পুশব্যাক’-এর বিরোধী।

তিনি বলেন, “কোনো নাগরিক যদি জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে বাংলাদেশের নাগরিক হিসেবে নিশ্চিত হন এবং ভারত সরকার যথাযথ প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা পাঠায়, তবেই আইনি প্রক্রিয়ায় তাদের প্রত্যাবাসন করা হবে। বর্তমানে এ ধরনের কোনো বিষয় সরকারের কাছে নিষ্পত্তির অপেক্ষায় নেই।”

সর্বশেষ নিউজ