ধামরাইয়ে টায়ার পোড়ানো ধোঁয়ায় অতিষ্ঠ জনজীবন

প্রতিনিধি, ধামরাইঃ
spot_img
spot_img

ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে টায়ার পুড়িয়ে তেল তৈরির একটি কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে সেটি গুঁড়িয়ে দিলেও থেমে নেই কার্যক্রম।বরং অভিযোগ উঠেছে, প্রশাসনকে ‘ম্যানেজ’ করেই পুনরায় চালু করা হয়েছে এই ভয়াবহ পরিবেশবিধ্বংসী কারখানা।

স্থানীয়দের দাবি, প্রতিদিন রাত হলেই শুরু হয় এই কারখানার কার্যক্রম। পোড়ানো টায়ার থেকে নির্গত ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশের গ্রামজুড়ে। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য।

এলাকাবাসী জানান, ধোঁয়ার কারণে শিশু, বৃদ্ধসহ অনেকেই শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়া ও নানা শারীরিক সমস্যায় ভুগছেন। একই সঙ্গে গৃহপালিত গরু, ছাগল, হাঁস-মুরগি প্রতিনিয়ত অসুস্থ হয়ে মারা যাচ্ছে। ফসলের জমিও ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষকরা।

একাধিকবার প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। বরং সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তারা। এলাকাবাসীর প্রশ্ন,“যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, তাহলে এই অবৈধ কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে?”

তারা দ্রুত এই কারখানাটি স্থায়ীভাবে বন্ধ করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুনের সাথে কথা বলা হলে তিনি জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর দাবি—দ্রুত এই বিষাক্ত কারখানার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়ে তাদের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা হোক।

সর্বশেষ নিউজ