আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে নবগঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-এর শীর্ষ পদে নিয়োগ দিয়েছে সরকার। ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে কাজী শায়রুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পেয়েছেন আবেদুর রহমান সিকদার।
সোমবার (৮ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য তাদের এই নিয়োগ দেওয়া হয়। তবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পূর্বে তাদের বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) গ্রহণ করতে হবে।
নিয়োগপ্রাপ্ত দুজনই দীর্ঘদিন দেশের বেসরকারি ব্যাংক ও আর্থিক খাতে সফলতার সাথে কাজ করেছেন। নতুন চেয়ারম্যান কাজী শায়রুল হাসান এর আগে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানির (সাবিনকো) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, নতুন এমডি আবেদুর রহমান সিকদার বর্তমানে ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত।
উল্লেখ্য, চরম তারল্য সংকটে থাকা পাঁচটি ব্যাংক—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে এই ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়েছে।
নতুন এই ব্যাংকটি ৩৫ হাজার কোটি টাকার বিশাল পরিশোধিত মূলধন নিয়ে নিজেদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা মূলধন হিসেবে জোগান দিয়েছে। বাকি ১৫ হাজার কোটি টাকা একীভূত হওয়া ব্যাংকগুলোর আমানতকারীদের আটকে থাকা জমানো অর্থের বিপরীতে শেয়ারে রূপান্তর করা হয়েছে।

