আগামী ২০২৮ সাল থেকে চালু হতে যাওয়া নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন এই কারিকুলামে শিক্ষার্থীদের জন্য আরও চারটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এর মধ্যে চতুর্থ শ্রেণি থেকেই ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে দুটি বিষয় পড়তে হবে। আর ষষ্ঠ শ্রেণিতে উঠলে যুক্ত হবে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামের আরও দুটি নতুন বিষয়। পাশাপাশি বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় ভাষা শিক্ষাতেও বিশেষ জোর দেওয়া হচ্ছে।
সোমবার (৮ জুন) বিকেলে সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন নতুন শিক্ষাক্রম নিয়ে এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।
শিক্ষামন্ত্রী বলেন, “বিদ্যমান শিক্ষাক্রমকে আমরা বাস্তবসম্মতভাবে পরিমার্জন করে আগামী ২০২৭ সালে দিচ্ছি। আর আপনারা যে পুরোপুরি পরিবর্তনের আশা করছেন, সেটির কাজও আমরা শুরু করেছি। ২০২৮ সালে গিয়ে আপনারা সেটি দেখতে পারবেন। কারিকুলাম খুব সুন্দর হচ্ছে এবং সেখানে চারটি নতুন বিষয় যুক্ত হচ্ছে।”
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত ছিলেন। তিনি নতুন শিক্ষাক্রমে চারটি বিষয় অন্তর্ভুক্তির কথা নিশ্চিত করে বলেন, “১৬ বছরের সব সমস্যা হয়ত একদিনে বা এক বছরে সমাধান করা যাবে না। তবে আমাদের সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে এবং আমরা দ্রুত প্রয়োজনীয় পরিবর্তন আনব। কারিকুলামে প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন ও পরিমার্জন করা হচ্ছে।”
তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “আমাদের বিদ্যমান ফ্রেমওয়ার্কের ভেতরেই তৃতীয় ভাষার ওপর একটি বড় অধ্যায় যুক্ত হতে পারে। নতুন যে চারটি বিষয় যুক্ত হচ্ছে, তার কোনোটি চতুর্থ শ্রেণি থেকে, আবার কোনোটি ষষ্ঠ শ্রেণি থেকে পড়ানো হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

