জাতীয় সংসদ অধিবেশনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ করা অর্থ এবং চাল-গম বিতরণে চরম বৈষম্যের অভিযোগ উঠেছে। সরকারদলীয় সংসদ সদস্যরা (এমপি) বরাদ্দ পেলেও বিরোধী দলের এমপিরা তা থেকে বঞ্চিত হচ্ছেন বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলের সংসদ সদস্য আখতার হোসেন।
সোমবার (৮ জুন) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সম্পূরক প্রশ্নের ফ্লোর নিয়ে তিনি এই অভিযোগ তোলেন।
আখতার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাংলাদেশের দুর্যোগের ম্যাপে কি কোনো পরিবর্তন এসেছে? কারণ আমরা দেখলাম, গত ৩০ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা শুধু সরকারি দলের আসনগুলোতে গেছে। বিরোধী দলের কোনো আসনে ওই বরাদ্দ দেওয়া হয়নি। যদি এমন হয়ে থাকে যে দুর্যোগ শুধু সরকারি দলের আসনগুলোতেই আসবে, বিরোধী দলের আসনগুলোতে আসবে না, তাহলে ভিন্ন কথা ছিল। কিন্তু বাস্তবে দুর্যোগ এলে তো সবাই ক্ষতিগ্রস্ত হয়।”
তিনি জানান, গত ৩০ এপ্রিল ৮৫ লাখ টাকা এবং ৯০ টন করে চাল-গম শুধু সরকারি দলের এমপিদের আসনে বরাদ্দ দেওয়া হয়েছে। জনগণের করের টাকা থেকে এই বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের আসনের সাধারণ মানুষ এই ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন। কবে নাগাদ বিরোধী দলের সংসদ সদস্যদের সমতাভিত্তিক বরাদ্দ দেওয়া হবে, তা জানতে চান তিনি।
আখতার হোসেনের বক্তব্যের পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টিকে ‘অত্যন্ত মৌলিক প্রশ্ন’ হিসেবে উল্লেখ করে বলেন, “যদি অভিযোগটি সত্য হয়, তাহলে তা অবশ্যই অনুচিত। মাননীয় মন্ত্রী বিষয়টি পরিষ্কার করবেন বলে আশা করছি।”
এর জবাবে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, “দুর্যোগ মোকাবেলায় সরকার নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে। বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসকদের কাছেও নগদ অর্থ ও চালের বরাদ্দ রাখা হয়েছে।”
বিরোধী দলের সদস্যদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, “যেসব এমপি আমাদের কাছে চাহিদাপত্র দেন, তাদের আমরা বরাদ্দ দিয়ে থাকি। আপনাদের মধ্যে যারা চাহিদাপত্র দিয়েছেন, তাদের বরাদ্দ দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ কাল-পরশুর মধ্যেই খুব দ্রুত তা পৌঁছে যাবে।”

