রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার (৮ জুন) মস্কোতে দুই দেশের মধ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। তবে সংবাদ সম্মেলনে তাদের আলোচনার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
এর আগে, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম দ্বিপক্ষীয় সফরে রোববার রাশিয়া পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মস্কো সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি রুশ সরকারের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকজন প্রতিনিধির সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর।
উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে মস্কো গেলেন। এর আগে ২০১৯ সালের এপ্রিলে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন দ্বিপক্ষীয় সফরে রাশিয়ায় গিয়েছিলেন। পরবর্তীতে ২০২৩ সালে ঢাকা সফরে এসেছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

