বাজেট অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত: এনসিপি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

জাতীয় সংসদে উত্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় এমনটা জানান এনসিপির ছায়া বাজেট কমিটির প্রধান ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।

বিবৃতি তিনি বলেন, এটি একটি অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত বাজেট। সরকার প্রায় ২ দশমিক ৫ লাখ কোটি টাকার ঘাটতির কথা বললেও বাস্তবে ঘাটতির পরিমাণ সাড়ে ৪ দশমিক ৫ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।

এনসিপির ছায়া বাজেট কমিটির প্রধান বলেন, প্রস্তাবিত বাজেটে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা অসম্ভব। আমার ধারণা, রাজস্ব আদায়ে ২ লাখ কোটিরও বেশি ঘাটতি থেকে যেতে পারে। এই অবস্থায় প্রকৃত হিসাব বিবেচনায় এই বাজেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট। সেই সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম উত্থাপিত বাজেট।

প্রস্তাবিত বাজেটে আগামী অর্থবছরে মোট রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি। যেখানে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রাজস্ব আদায় হয়েছে মাত্র ৩ লাখ ৩১ হাজার কোটি টাকা।

সর্বশেষ নিউজ