পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার খবরে সরগরম নেটদুনিয়া। এই ঘটনায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বেনজীরকে ‘অজস্র রাজনৈতিক পাপের সাক্ষী’ হিসেবে উল্লেখ করে বিচারের দাবি জানিয়েছেন।
ফারুকী তার পোস্টে লিখেছেন, ‘বহু গুম, ক্রসফায়ার এবং অজস্র রাজনৈতিক পাপের সাক্ষী বেনজির দুবাইতে গ্রেপ্তার। ভিকটিম পরিবারগুলো এবং গোটা বাংলাদেশের জন্য এটা বড় খবর।’ তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী সময়ের ক্ষত থেকে মুক্তির প্রথম ধাপ হলো বিচার। শুধু জুলাই গণহত্যা নয়, গত ষোলো বছরের অপকর্মের বিচার হওয়া জরুরি।’
সবশেষে ক্রাইম থ্রিলার নির্মাতাদের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘বিচারের বাইরেও রাজনীতি, ব্যবসা ও বিনোদন জগতের বহু ঘটনার মিসিং লিংক পাওয়া যাবে তার কাছ থেকে। ক্রাইম থ্রিলার যারা বানাতে চান, তারা চোখ রাখতে পারেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোববার (১৪ জুন) আনুষ্ঠানিকভাবে বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গত শুক্রবার (১২ জুন) দুবাইয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং আগামী ৩০ দিনের মধ্যে তাকে দেশে ফেরানোর জোর চেষ্টা চলছে।

