বেনজীর আহমেদকে শিগগিরই ফেরত দেবে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ প্রতিবেদন
spot_img
spot_img
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত সরকার খুব শিগগিরই বাংলাদেশে ফেরত দেবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংসদে বেনজীর আহমেদ সংশ্লিষ্ট কাগজপত্রের বিষয়ে জানানোর পরের দিন বিকেলেই তা সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘আশা করি, দেশটির সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগিরই তাকে ফিরিয়ে দেবে।’

আসন্ন ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশজুড়ে পুলিশের সতর্ক অবস্থানের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দলটির কার্যক্রম নিষিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, ‘সন্দেহ করছি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি অস্থিরতা ও অস্থিতিশীলতা তৈরি করতে চাইবে। পুলিশ তার দায়িত্ব পালন করবে, সেজন্য সারা দেশে অ্যালার্ট জারি করা হয়েছে। সেটিকে আমরা কোনো রাজনৈতিক দল মনে করি না, সেটি একটি মাফিয়া পার্টি।’

অনুষ্ঠানে পুলিশের ভালো কাজের স্বীকৃতি এবং অপরাধ দমনে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রথম থেকেই দুষ্টের দমন এবং শিষ্টের পালনের বিষয়ে সরকার কঠোর। যারা নিষ্ক্রিয় থাকবে, দায়িত্বে অবহেলা ও দুর্নীতি করবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।’

পুলিশকে অনুপ্রেরণা দিতে এদিন ১৫ জন সদস্যকে পুরস্কৃত করা হয়। বিশেষ করে নিজস্ব উদ্যোগে পানি নিষ্কাশন করা ট্রাফিক পুলিশ মো. কামরুজ্জামান, আদাবরে বিকাশের দোকানিকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় আসামি গ্রেপ্তার, আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং চকরিয়ায় ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারে সাহসী ভূমিকার জন্য তাদের এই সম্মাননা দেওয়া হয়।

৫ আগস্টের পর পুলিশের মনোবল প্রসঙ্গে মন্ত্রী বলেন, মানুষের ধারণা ছিল পুলিশ হয়তো নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তবে নির্বাচিত সরকার আসার পর পুলিশ দ্রুত নৈতিক সাহস ফিরে পেয়েছে এবং জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছে। এছাড়া রাজধানীর মোহাম্মদপুর এলাকার অপরাধ দমনে পর্যায়ক্রমে ব্যবস্থা নিয়ে অপরাধীদের নির্মূল করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

#এম_আর

সর্বশেষ নিউজ