না ফেরার দেশে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বাংলা একাডেমির সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৮৫ বছর বয়সে রবিবার (৫ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার দুপুরের দিকে মিরপুরের একটি রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে তিনি আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার প্রয়াণে দেশের বুদ্ধিজীবী মহল ও সাহিত্য অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন আবুল কাসেম ফজলুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘসময় অধ্যাপনার পাশাপাশি তিনি গবেষণায় রেখে গেছেন অনন্য স্বাক্ষর। ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন।

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ‘মুক্তিসংগ্রাম’, ‘কালের যাত্রার ধ্বনি’, ‘উনিশ শতকের মধ্যশ্রেণী ও বাংলা সাহিত্য’, ‘বুদ্ধির মুক্তি আন্দোলন ও উত্তরকাল’ ইত্যাদি। এছাড়া তিনি ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্র সম্পাদনা করেছেন। বাংলা সাহিত্যের শিক্ষক ও গবেষক হিসেবে তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

সর্বশেষ নিউজ