ঢাকার কাকরাইল এলাকায় উত্তেজনাপূর্ণ পরিবেশে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও তার অনুসারীরা। অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা—আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া (স্থানীয় সরকার) ও মাহফুজ আলম (তথ্য)—পদত্যাগ না করা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালেও কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান করে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন তারা।
ইশরাকের বক্তব্য: ‘আমাদের দাবি স্পষ্ট—পদত্যাগ চাই বুধবার মধ্যরাতে কাকরাইল মসজিদের সামনে চলমান অবস্থান কর্মসূচি থেকে সাংবাদিকদের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, আমরা এখানে কোনো রায়ের প্রত্যাশা বা মেয়র পদ পাওয়ার জন্য আসিনি। আগামীকাল (বৃহস্পতিবার) আদালতের সিদ্ধান্ত আমাদের পক্ষে যাবে কি না, সেটিই মুখ্য বিষয় নয়।
তিনি আরও বলেন, “আমরা শুরু থেকেই বলে আসছি, এই সরকারে নিযুক্ত রাজনৈতিক উপদেষ্টারা কীভাবে প্রভাব বিস্তার করছেন, তা জনগণের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য। তারা অবিলম্বে পদত্যাগ না করলে আমরা এখান থেকে সরছি না।”
ইশরাক হোসেন এ—ও বলেন, “যদি আদালতের রায় আমাদের পক্ষে আসে, তাহলে আমাকে মেয়র হিসেবে শপথ নেওয়ার সুযোগ দিতে হবে। যদি না আসে, তাহলে আমরা আইনগত প্রক্রিয়া অনুযায়ী আপিল করবো। তবে বিষয়টা এখানে শেষ নয়। আসল প্রশ্ন হচ্ছে—এই উপদেষ্টাদের অধীনে বিএনপি কোনো নির্বাচন গ্রহণ করবে না এবং জনগণও করবে না। এমন পরিস্থিতিতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অসম্ভব।”
স্লোগানে মুখর রাত, আজ হাইকোর্টে গুরুত্বপূর্ণ আদেশ বুধবার রাতভর ইশরাকের সমর্থকেরা কাকরাইল এলাকায় বিক্ষোভ চালিয়ে যান। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে তারা একটানা স্লোগান দিতে থাকেন।
এদিকে, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ নিতে না দেওয়ার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে তিনি যে রিট আবেদন করেছেন, তার ওপর আজ হাইকোর্ট আদেশ দেবেন। গতকাল আদালত ওই আদেশ বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত মুলতবি করেন।

