যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচিত সমালোচিত নেতা সাইফুল সিদ্দিকীর বিএনপিতে যোগদান

আব্দুল বাছিত বাচ্চু, মৌলভীবাজার প্রতিনিধি
spot_img
spot_img

 

মৌলভীবাজারের আলোচিত আওয়ামী লীগ নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী শেখ সাইফুল আলম সিদ্দিকী বিএনপিতে যোগ দিয়েছেন। নানা আলোচনা-সমালোচনা ও রাজনৈতিক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রোববার রাতে মৌলভীবাজার -২ আসনের এমপি শওকতুল ইসলাম শকুর হাতে ফুলের তোড়া দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন। কুলাউড়া উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে দলীয় কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠিত হয়।

এদিকে তাঁর এই যোগদানকে কেন্দ্র করে কুলাউড়ার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। কুলাউড়া উপজেলা বিএনপি যুবদল ছাত্রদলের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাকে আওয়ামী লীগের পুনর্বাসন হিসেবে আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
জানা যায়, দীর্ঘ প্রায় চার দশক যুক্তরাষ্ট্রে বসবাস করা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ সাইফুল আলম সিদ্দিকী গত ১৫ অক্টোবর দেশে ফেরেন। এর আগে তাঁর দেশে ফেরা নিয়ে ভাটেরা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। স্থানীয়ভাবে আওয়ামী লীগকে সুসংগঠিত করা এবং আসন্ন ভাটেরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে সে সময় শেখ সাইফুল আলম সিদ্দিকী আওয়ামী লীগকে সুসংগঠিত করার খবরকে ভিত্তিহীন দাবি করে জানিয়েছিলেন, নিজের জন্মভূমি ভাটেরা ইউনিয়নে নির্বাচনে অংশ নিতেই তিনি দীর্ঘদিনের প্রবাসজীবনের ইতি টেনে দেশে ফিরেছেন। তিনি আরও জানিয়েছিলেন, অতীতে তিনবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে তাঁর অভিযোগ রয়েছে। এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শেখ সাইফুল আলম সিদ্দিকীকে আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরকালে আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানসহ বিভিন্ন জাতীয় দিবসের আয়োজনে তাঁকে কোরআন তেলাওয়াত ও বক্তব্য দিতে দেখা যায়। এ ছাড়া আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে তাঁর একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেলের নির্বাচনী প্রচারণায় তাঁর অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়।

তবে দেশে ফেরার পর রাজনৈতিক অবস্থানে পরিবর্তন এনে এবার বিএনপিতে যোগ দিলেন তিনি। বুধবার রাতে কুলাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ে সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি খন্দকার মুহিবুর রহমান মলাই, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন ভূঁইয়া, বর্তমান সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন।

এ ছাড়া ভাটেরা ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ রনি হাসান সালাম, সাংগঠনিক সম্পাদক আকুল খানসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদক এবং শতাধিক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিএনপিতে যোগদানের প্রতিক্রিয়ায় মাওলানা শেখ সাইফুল সিদ্দিকী জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১ দফা, বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং স্থানীয় সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন।

সর্বশেষ নিউজ