জোড়া খুনের আসামিকে ধরতে গিয়ে গণপিটুনি খাওয়ার কথা ভুলতে দেয় না

কাজী ওয়াজেদ আলী
spot_img
spot_img

মৌচাক মোড়ে প্রচণ্ড জ্যাম। প্রত্যেকটা বেবিট্যাক্সির যাত্রীকে লক্ষ্য করা হচ্ছে। কিন্তু আমাদের টার্গেটের কোনো খবর নেই। ভীষন শীত, সিভিল ড্রেসে কোমরে পিস্তল এবং ওয়াকিটকি নিয়ে দীর্ঘক্ষণ উৎকণ্ঠার মধ্যে পার হচ্ছে।

টার্গেট খুবই চতুর। সাব-ইন্সপেক্টর হিসেবে একটা হত্যা মামলার তদন্তকালীন খুনের ঘটনায় জড়িত থাকায় তাকে ধরার জন্য সোর্স কাজে লাগানো হয়। বুঝতে পেরে সেই সোর্সকেও মেরে ফেলে সে। নামের আগে “পাগলা” বিশেষণের মালিবাগ এলাকার ভয়ানক দুর্ধর্ষ ওই খুনি- তখন দুটি হত্যা মামলায় পলাতক।

খবর ছিল বিশ্ব ইজতেমার মাঠে শীতবস্ত্র বিক্রি করছে মারাত্মক বেপরোয়া ওই আসামি। কিন্তু সেখানে গিয়ে এত লোকের মাঝে তাকে ধরাটা খুব ঝুঁকিপূর্ণ। তথ্য মতে, সেদিন সে মালামাল কেনার জন্য মৌচাক দিয়ে ঢাকায় ঢুকবে। তাই সেসময়ের সবচেয়ে জ্যামবহুল এলাকা মৌচাককেই অপারেশনের জন্য বেছে নিয়েছিলাম।

দীর্ঘক্ষণ অপেক্ষার পর হঠাৎ একটা বেবিটেক্সির মধ্যে চোখ স্থির হলো। মাফলার দিয়ে মুখমাথা মোড়ানো, শুধুমাত্র চোখ দুটো দেখা যায়। পূর্ব থেকেই চেনা থাকায় খোলা বেবিটেক্সির পাশে গিয়ে ধরে ফেললাম। সুঠাম দেহের অধিকারী হওয়ায় এক ঝটকায় ছুটে গিয়েই রিকশার চিপা-চাপা ও বিভিন্ন গাড়ির ফাঁক গলে দৌড়ে পালাতে থাকলো।

মৌচাক মোড়ে তখন এত জ্যাম যে, তাকে থামানোর জন্য গুলি করারও উপায় নেই। তার পিছু ধাওয়া করে আবারো ধরে ফেললাম। এবার সে বাঁচার জন্য আমাকে লক্ষ্য করে ছিনতাইকারী ছিনতাইকারী বলে চিৎকার করতে শুরু করলো। মুহূর্তের মধ্যে উৎসুক জনতা কোন কিছু না বুঝে এবং না শুনেই আমাকে ঘিরে ফেলে গণপিটুনি শুরু করলো। খুব দ্রুতই কোমর থেকে ওয়াকিটকি বের করে পরিচয় দিয়ে রক্ষা পেলাম। হয়তো আর কিছুক্ষণ গেলেই ভর্তা হয়ে যেতাম। সাথে সাথে একটু পিছিয়ে পড়া আমার সহকর্মীরাও চলে এলো। উৎসুক জনতাকে তার সম্পর্কে বলার পর এবার গণপিটুনির “সাবজেক্ট” চেঞ্জ হলো। ওকে গ্রেফতার করে থানায় নিলাম।

আজ মৌচাকের চেহারা কত পরিবর্তন। ফ্লাইওভার হয়েছে, এত জ্যাম নেই, দু’পাশ খোলা বেবিটেক্সিও এখন আর নেই। মৌচাক পার সময় কথাগুলো মনে পড়ল। সময় পরিবর্তন হয়েছে। কিন্তু প্রতি আমাবস্যা এবং পূর্ণিমায় সেই পুরোনো ব্যাথা জোড়া হত্যা মামলার আসামিকে ধরতে গিয়ে গণপিটুনি খাওয়ার কথা ভুলতে দেয় না।

লেখক: পুলিশের সহকারী কমিশনার, ডিএমপি

সর্বশেষ নিউজ